ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল তার বক্তব্যে দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। কাজের ক্ষেত্রে কোনোভাবেই সময়ক্ষেপণ করা যাবে না।
বিজ্ঞাপন
তিনি ভূমি সেবাকে আরও জনবান্ধব এবং সহজ করার কথা উল্লেখ করে তিনি শুধুমাত্র রুটিন মাফিক কাজ না করে ভূমি সেবাকে কীভাবে আরও ইউজার ফ্রেন্ডলি এবং সহজ করা যায়, সে বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে একটি অত্যাধুনিক একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, আইনি কাজে কোনো নেতিবাচক আপস করা যাবে না। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার কারও নেই। কর্মকর্তাদের কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আইনি সুরক্ষা বা ‘লিগ্যাল প্রটেকশন’ দেওয়ার কথা বলেন তিনি।
বহিরাগত অনলাইন অপারেটদের বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। বাইরের ফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে যত্রতত্র অনলাইন ভূমি সেবা প্রদানকারীদের নিরুৎসাহিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসব জটিল কাজ পাসওয়ার্ড ও আইডিধারী নির্দিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।
বিজ্ঞাপন
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচালক খান এ সবুর খান।
৫ দিন মেয়াদি ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে মোট ৩৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ৩৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
এসএইচআর/এসএ
