বিজ্ঞাপন

ইন্টারনেট-ডাটা সেন্টার সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি

ইন্টারনেট-ডাটা সেন্টার সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাটা সেন্টার সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, টেলিযোগাযোগ নেটওয়ার্ক, মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ডাটা সেন্টারগুলো এখন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ। এই সেবাগুলো সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জ্বালানি সংকটের কারণে যদি এসব সেবা ব্যাহত হয়, তাহলে দেশের অর্থনীতি, অনলাইন শিক্ষা, ই-কমার্স এবং সরকারি ডিজিটাল সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

তিনি আরও বলেন, বর্তমানে অনেক এলাকায় টাওয়ার, নেটওয়ার্ক স্টেশন ও ডাটা সেন্টারগুলো পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে গ্রাহকরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে টেলিযোগাযোগ ও আইসিটি খাতকে ‘অগ্রাধিকারভিত্তিক সেবা’ হিসেবে বিবেচনা করতে হবে এবং এসব খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, এই খাতগুলোকে সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এএসএস/এমএসএ 

বিজ্ঞাপন