দীর্ঘ ২৭ বছর প্রবাসে হাড়ভাঙা খাটুনি শেষে দেশে ফিরলেন, তবে নিথর দেহে। বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি এস এম তারেক আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামে। আজ (শনিবার) দুপুরে নগরীর হালিশহরে জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে এই রেমিট্যান্স যোদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর হালিশহরের নয়াবাজার এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার তার মরদেহ দেশে পৌঁছায় এবং পরিবারের কাছে হস্তান্তরের পর শনিবার সকালে চট্টগ্রামে আনা হয়।

গত ২ মার্চ ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাহরাইনে পড়লে তারেক আলীর মৃত্যু হয়। ওই একই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হন।
নিহত তারেক আলীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তবে পরিবার নিয়ে তিনি নগরীর হালিশহরে বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। প্রায় দেড় বছর আগে তিনি শেষবারের মতো দেশে এসেছিলেন।
বিজ্ঞাপন
তারেক আলী দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। দেশটির রাজধানী মানামার কাছে ‘দ্রাইডক’ নামের একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন তিনি।
জানাজার আগে স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান তূর্য বলেন, প্রবাসে কঠোর পরিশ্রম করে তারেক আলী পরিবার ও স্বজনদের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
আরএমএন/বিআরইউ
