কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে ৫টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে আর কোনো মরদেহ আছে কিনা, সে খোঁজ করতে উদ্ধার কাজ চলমান রয়েছে। কারখানার ভেতরে ফায়ার সার্ভিসের সার্চ টিম কাজ করছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সার্চ টিম ভেতরে কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগা কারখানাটি থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কদমতলী অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিসের পরিচালক (আপ. ও মেইন) প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে দুপুর ১টা ১১ মিনিটে কদমতলীর ওই কারখানাটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে ৩ ইউনিট, পরে একে একে বাড়তে বাড়তে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ভেতরে সার্চ টিম পাঠায়। সার্চ টিম কারখানার ভেতরে গিয়ে ৫টি মরদেহ বের করে নিয়ে আসে। তবে মরদেহগুলো পুড়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি।
এমএসি/জেডএস
