বিজ্ঞাপন

ফুটপাত দখলমুক্তে ডিএমপির অভিযান : জরিমানা প্রায় সাড়ে ৩ লাখ

অ+
অ-
ফুটপাত দখলমুক্তে ডিএমপির অভিযান : জরিমানা প্রায় সাড়ে ৩ লাখ

রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়ে তিন লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ট্রাফিক লালবাগ বিভাগ জানায়, কোতয়ালী ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠান ও একজনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনের জুরাইন ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ১১ জন ব্যবসায়ীকে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ট্রাফিক রমনা বিভাগ জানায়, নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫টি তাৎক্ষণিক মামলা করা হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ১৭টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ট্রাফিক মতিঝিল বিভাগ জানায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন দোকান থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, আগারগাঁও আইডিবি ভবন ও নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং দখল করা মালামাল অপসারণ করা হয়।

ট্রাফিক গুলশান বিভাগ জানায়, মহাখালী ও গুলশান-২ এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি দোকানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ফুটপাত দখলের দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং আরও ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএএ/জেডএস

বিজ্ঞাপন