বিজ্ঞাপন

গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা, জুলাই সনদই চূড়ান্ত পথ : আইনমন্ত্রী

অ+
অ-
গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা, জুলাই সনদই চূড়ান্ত পথ : আইনমন্ত্রী

জুলাই জাতীয় সনদ-২০২৫ এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিরোধী দলের গণভোটের প্রস্তাবকে সরাসরি ‘সংবিধানের ওপর প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এসময় পানের বিড়ায় ভালো পানের ভেতরে পচা পান লুকিয়ে রাখার গল্পের উদাহরণ টেনে তিনি বলেন, আইনের ক্ষমতা না থাকলেও আছে বলে চালিয়ে দেওয়ার মতো ‘কালারেবল লেজিসলেশন’ বা চাতুর্যপূর্ণ আইন প্রণয়নের কোনো সুযোগ নেই। জুলাই সনদ একটি স্ব-ব্যাখ্যায়িত দলিল এবং এর বাস্তবায়ন পদ্ধতি এই সনদের ভেতরেই স্পষ্টভাবে খোদাই করা আছে বলে জানান তিনি।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

পানের খিলের ভেতরে পচা পান ঢোকানোর রাজনীতি মানি না

আইনমন্ত্রী বলেন, গণভোটের যে শিডিউলের কথা উনারা বলছেন, সেখানে ১৮ নম্বর অনুচ্ছেদের (পিআর পদ্ধতি) কোনো অস্তিত্বই নেই। অথচ এটি জাতীয় ঐকমত্যের দোহাই দিয়ে চালানো হচ্ছে। এই ধরনের চাতুর্যপূর্ণ লেজিসলেশন আইনের ভাষায় ‘ভয়েড অ্যাব ইনিশিও’ বা শুরু থেকেই বাতিল। আমরা পানের খিলের গল্পের মতো উপরে বড় পান আর ভেতরে পচা পান ঢোকানোর এই রাজনীতি মানি না।

‘রক্তের আক্ষরে লেখা জুলাই সনদ’

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ কেবল কোনো সাধারণ প্রস্তাবনা নয়, এটি ১৪০০ শহীদের রক্তের আক্ষরে লেখা একটি পবিত্র অঙ্গীকার। জুলাই সনদ স্বকীয়তায় ভরপুর এবং রাজপথে দেওয়া রক্তের ঋণ এখানে স্বচ্ছভাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিটাই হলো এই সনদ ইটসেলফ।

সংস্কার বনাম সংশোধন : কড়া হুশিয়ারি

সংস্কার ও সংশোধনের আইনি মারপ্যাঁচ নিয়ে মন্ত্রী বলেন, এভরি অ্যামেন্ডমেন্ট অব দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট। জনআকাঙ্ক্ষা থেকে রিফর্ম আসতে পারে, কিন্তু তাকে আইনি রূপ দিতে হলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারেই সংসদে সংশোধন করতে হবে। এর বাইরে অন্য কোনো ফরম্যাট বা শর্টকাট নেই।

‘ফ্যাসিবাদীদের ফেরার পথ সুগম করার চেষ্টা’

বিগত ১৭ বছরের গুম, খুন এবং মিথ্যা মামলার প্রেক্ষাপট টেনে আসাদুজ্জামান বলেন, জুলাই সনদের পেছনে ৪,৫০০ সহযোদ্ধার ক্রসফায়ার এবং ৬০ লাখ নেতাকর্মীর যন্ত্রণার ইতিহাস আছে।  

তিনি বিরোধী দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, উনারা যে পথে হাঁটছেন তা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উনাদের লক্ষ্য হয়তো ভিন্ন পথে ফ্যাসিবাদীদের ফিরিয়ে আনার পথ সুগম করা। কিন্তু জুলাই বিপ্লবীরা তা হতে দেবে না। 

তিনি জুলাই সনদকে ‘জনগণের মুক্তির সনদ’ হিসেবে অভিহিত করেন। 

এসআর/এমএসএ