বিজ্ঞাপন

ইসি থেকে আরও একমাস সময় পেলো রাজনৈতিক দলগুলো

অ+
অ-
ইসি থেকে আরও একমাস সময় পেলো রাজনৈতিক দলগুলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অসুস্থতা ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানিয়ে প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিল গেজেট প্রকাশের পর থেকে এক মাস। কিন্তু বেশ কয়েকজন প্রার্থী অসুস্থতা ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণ দেখিয়ে সময় বাড়ানোর আবেদন করেছিলেন। কমিশন তাদের আবেদন মঞ্জুর করে আরও এক মাস সময় বাড়িয়ে দিয়েছে।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী ১৫ মার্চের মধ্যে হিসাব দেওয়ার কথা থাকলেও এখন প্রার্থীরা অতিরিক্ত সময় পাচ্ছেন।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দিলে বা আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। নির্ধারিত সময়ের পর ১০ হাজার টাকা জরিমানা দিয়ে আরও ১৫ দিন সময় বাড়িয়ে নেওয়া যায়। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দিলে প্রার্থিতা বাতিলসহ ২ থেকে ৭ বছরের জেল ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

গত ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন না হওয়া প্রসঙ্গে সচিব বলেন, আমরা ভোটার দিবসটি আরও অর্থবহ ও আনুষ্ঠানিকভাবে করতে চাই। এ লক্ষ্যে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, আজকের সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। মাঠ পর্যায় থেকে প্রতিবেদন এলেও তা একটি প্রসিডিউরাল বিষয়। সময় হলে কমিশন এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

এসআর/জেডএস