দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ রয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। তবে আদালতের নির্দেশনায় ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবের বাইরে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।
সংসদে দেওয়া তথ্যে দেখা যায়, দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১০টিই চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড এবং ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অন্যদিকে তালিকায় থাকা বাকি ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সালমান এফ রহমানের মালিকানাধীন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড।
বিজ্ঞাপন
এছাড়া সিকদার গ্রুপের পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর পাওয়ার প্ল্যান্টও রয়েছে তালিকায়।
কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস (প্রাইভেট) লিমিটেড, সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড এবং রংধনু বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেডও শীর্ষ খেলাপিদের তালিকায় স্থান পেয়েছে।
খেলাপি ঋণ আদায়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে অর্থমন্ত্রী জানান, যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রতি তিন মাস অন্তর বৈঠক করে সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এছাড়া বাংলাদেশ ব্যাংকের আয়োজিত ব্যাংকার্স সভায় নিয়মিতভাবে শীর্ষ ২০ খেলাপি ঋণ পুনরুদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। যেসব ব্যাংকে খেলাপি ঋণের হার বেশি, সেগুলোর জন্য বিশেষ নির্দেশনাও জারি করা হয়েছে।
ইচ্ছাকৃত ঋণখেলাপিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যাংকিং কোম্পানি (সংশোধন) আইনের আওতায় একটি নীতিমালাও প্রণয়ন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
আরএমএন/জেডএস
