বিজ্ঞাপন

শাহজালালে অর্ধ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

শাহজালালে অর্ধ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) পৃথক অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ হওয়া সিগারেটের মোট বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দকৃত সিগারেটের বাজারমূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। উদ্ধার হওয়া সিগারেটের পরিমাণ ২ কোটি ৯৯ লাখ ৪০০ শলাকা।

সংস্থাটি জানায়, মঙ্গলবার দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ২৫৩ কার্টন অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। এর আগে গত ৫ এপ্রিল ‘এফজেড-৫২৩’ ফ্লাইটে আসা এক যাত্রীর লাগেজ থেকে ২৪৪ কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে আটক ১ হাজার ৪৯৭ কার্টন সিগারেট পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএম/বিআরইউ