বিজ্ঞাপন

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

অ+
অ-
সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।

পরিবারের সদস্যদের ভাষ্য, সরকার পতনের পর শামীম আত্মগোপনে ছিলেন এবং ব্যবসা হারিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী স্বর্ণ বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করেন এবং শামীমকে শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে ডাকেন। সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ভাই মো. সেলিম অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ আগে ইরান নামে এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। এই হত্যার পেছনে তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া জাফর নামে আরেকজনের নেতৃত্বে হামলাটি হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরএমএন/এসএম