রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টায় এই বিশেষ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টার পর জেনেভা ক্যাম্পে আকস্মিকভাবে র্যাব অভিযান চালায়। তবে র্যাবের এই অভিযানের খবর সকাল থেকেই ছড়িয়ে পড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ীরা ক্যাম্প থেকে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ীরা কীভাবে আগেই খবর পেয়ে যায়, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পের বাসিন্দারা।
বিজ্ঞাপন
র্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আমরা ৩ জনকে মাদকসহ গ্রেপ্তার করেছি। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদক, ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, জেনেভা ক্যাম্প ভালো মানুষের আবাস্থল হিসেবে গড়ে তোলা হবে। এখানে মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না। অতীতে মাদক ব্যবসায়ীদের সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করা হয়েছে। অচিরেই তাদের নির্মূল করা হবে।
বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের শিশুদের স্কুলে পাঠাবেন এবং তাদের মাদক থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনাদের সহায়তায় জেনেভা ক্যাম্পের মাদক নির্মূল করা হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের সব সময় জিরো টলারেন্স থাকবে।
বিজ্ঞাপন
এসএএ/এমএসএ
