অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনভর পরিচালিত এই অভিযানে একাধিক শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় দুজনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করা হয়।
তিতাস গ্যাস এক বার্তায় জানায়, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আবু হুরাইয়া ওয়াশিং ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলায় গ্রাহক প্রতিনিধি মো. নয়ন মিয়াকে গ্রেপ্তার করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ম্যাক্স লন্ড্রি নামক প্রতিষ্ঠানে বিচ্ছিন্ন আবাসিক রাইজার থেকে এয়ার কম্প্রেসারের মাধ্যমে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় লাইনটি পুনরায় ‘কিলিং’ করে দেওয়া হয়।
এছাড়া জিন্স ওয়াশিং স্টাইলিং প্ল্যান্টে পরিত্যক্ত রাইজার ও স্বতন্ত্র লাইনের মাধ্যমে নেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রতিষ্ঠানের ম্যানেজারকে গ্রেপ্তার করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। টিএসএফ ওয়াশিং প্ল্যান্টেও অবৈধ গ্যাস ব্যবহার পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের প্রায় ৭৫ ফুট পাইপ ও একটি আবাসিক রাইজার জব্দ করা হয়।
বিজ্ঞাপন
একই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সেখানে একটি চুনা কারখানা ও কুইন্স অ্যাপারেল লিমিটেডসহ ৬০টি বাড়ির ৭৫টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৯৫ ফুট পাইপ জব্দ করা হয়।
অন্যদিকে সাভার অঞ্চলে তিতাসের নিজস্ব ব্যবস্থাপনায় রাজাবাড়ি, নামাবাজার, কর্ণপাড়া, জয়নাবাড়ী, চলন্তিকা হাউজিং ও হেমায়েতপুর এলাকার পাঁচটি স্পটে অভিযান চালানো হয়। এতে ড্রিম উইভ ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ অপসারণ করে ‘কিলিং’ করা হয়। এ ছাড়া অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে একাধিক আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাসের আঞ্চলিক কার্যালয়– কিশোরগঞ্জ, ভালুকা ও রূপগঞ্জেও পৃথক অভিযানে বকেয়া ও অবৈধ সংযোগের কারণে একাধিক আবাসিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান– জোবায়ের স্পিনিং মিলস, মার্কেন্টাইল ফ্যাশন, সিজন ড্রেসেস, জারবা টেক্সটাইল, তালহা স্পিনিং মিলস ও নিও জিপার কোম্পানির বকেয়ার কারণে গ্যাস সরবরাহ বন্ধ করে ইনলেট-আউটলেট ভালভ সিলগালা করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ওএফএ/বিআরইউ
