চট্টগ্রামে দুই বছর বয়সী এক শিশুকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে গোপনে দাফন করার অভিযোগে শিশুটির বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাকে মারধর করতে দেখে শিশু সামির কাঁদতে কাঁদতে মায়ের কোলে উঠতে চেয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে বাবা সজীব শিশুটিকে দেয়ালের দিকে ছুড়ে মারলে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর বাকলিয়া থানার বৌবাজার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. সজীব ও তার মা নুর নাহার বেগম। এই ঘটনায় নিহত শিশু আশরাফ বিন সামিরের মা শারমিন আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতে সজীব তার স্ত্রী শারমিন আক্তারকে মারধর করছিলেন। এ সময় তাদের দুই বছর বয়সী ছেলে আশরাফ মায়ের কোলে ওঠার চেষ্টা করে। স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সজীব ছেলেকে ধাক্কা দিলে খাটের সঙ্গে লেগে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। এতে তার খিঁচুনি শুরু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, স্বামীর মারধরে শিশুটির মা শারমিন আক্তার গুরুতর জখম হয়ে অসুস্থ হয়ে পড়েন। এই সুযোগে পরিবারের অন্য সদস্যরা মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে মঙ্গলবার রাতেই তড়িঘড়ি করে আশরাফকে দাফন করে ফেলেন। পরবর্তীতে বৃহস্পতিবার শিশুটির মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বাবা সজীব ও দাদি নুর নাহারকে গ্রেপ্তার করে।
আরএমএন/বিআরইউ
