রাজধানীর বনানীতে বারান্দা থেকে ছুড়ে দেওয়া ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। গৃহকর্মীকে হত্যার গুজব এবং এলাকাটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক গৃহকর্মীকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানীর ৫ নম্বর সড়কের একটি ভবনে এই ঘটনা ঘটে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন জানান, ওই ভবনের একটি বাসায় এক গৃহকর্মী কাজ করতেন। তিনি একটি চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলে দেন। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। হয় ৯৯৯ এ কল দেন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দেন।’ পথচারী এক ব্যক্তি চিরকুটটি কুড়িয়ে পেয়ে ভবনের নিচে লোক জড়ো করেন।
চিরকুটটিকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় গৃহকর্মীকে মেরে ফেলার গুজব ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, কড়াইল বস্তির কিছু মানুষও ঘটনাস্থলে এসে গৃহকর্মীর মৃত্যুর খবর প্রচার করতে শুরু করে। এ ছাড়া আরও দুজনকে ভেতরে আটকে রাখার গুজব ছড়ালে উত্তেজিত জনতা ভবনটি ঘিরে ফেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যার পরেও ভবনের সামনে মানুষের উপস্থিতি দেখা গেছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় সোহানা নামের ওই বাসার মালিককে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গৃহকর্মী বাদী হয়ে মামলা করবেন। আগামীকাল শুক্রবার বাসা মালিককে আদালতে সোপর্দ করা হবে।
বনানী থানার পরিদর্শক মহিন উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে লোকজন অনেক রকমের কথা বলছিল, আমরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যস্ত ছিলাম। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
এমএসি/বিআরইউ
