বিজ্ঞাপন

মোহাম্মদপুরে খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

অ+
অ-
মোহাম্মদপুরে খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় সুন্নতে খতনা করাতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুর পুরুষাঙ্গের সামনের অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে কথিত এক চিকিৎসকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারটি মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ সকালে শিশু আতিকুর রহমানকে খতনা করানোর জন্য ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল’ নামের একটি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। খতনার সময় চিকিৎসকের মারাত্মক অবহেলার কারণে শিশুটির শারীরিক অঙ্গের সামনের অংশে গুরুতর ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই ভুক্তভোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিয়ে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শিশুটির স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে বলে দাবি করেছে তার পরিবার।

বিজ্ঞাপন

পরিবারের অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর ক্ষতিপূরণ ও দায় স্বীকারের বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট চিকিৎসক কোনো সমাধান না দিয়ে উল্টো তাদের হুমকি-ধমকি দিয়ে ফিরিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খলিল মেডিকেল নামের ওই প্রতিষ্ঠানটির পরিচালক খলিল আদতে কোনো চিকিৎসক নন; তিনি মূলত একজন ফার্মাসিস্ট। তার ফার্মাসিস্ট নম্বর এ-১০৩০৪৫।

এ বিষয়ে শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘ঘটনাটি জেনে অত্যন্ত মর্মাহত হয়েছি। বাদীকে ডেকে এনে মামলা নিতে বলা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

এমএসি/বিআরইউ