দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনী ফলে বড় পরিবর্তন এসেছে। ২০২১ সালের নির্বাচনে বিজয়ী ঘোষিত আওয়ামী লীগ প্রার্থী লুৎফর রহমানকে সরিয়ে আদালতের রায়ে মেয়র হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) মো. সুহেল আমীন।
বিজ্ঞাপন
গত ৭ জানুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনাল সুহেল আমীনকে বিজয়ী ঘোষণা করার পর সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত সংশোধিত গেজেট প্রকাশ করেছে। ২০২১ সালের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী লুৎফর রহমানকে মাত্র ১৪৬ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে সেই ফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কানাইঘাট উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মো. সুহেল আমীন। আদালতের নির্দেশে ভোট পুনরায় গণনা করা হলে দেখা যায়, সুহেল আমীন আগের ফলের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন। পুনর্গণনা শেষে দেখা গেছে, তিনি লুৎফর রহমানের চেয়ে ৬৮৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশনার সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের বাধ্যবাধকতা ছিল। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগের গেজেটে সংশোধন আনা হয়। ২০২১ সালের ২৯ মার্চ প্রকাশিত গেজেটে লুৎফর রহমানের নামের স্থলে মো. সুহেল আমীনের নাম স্থলাভিষিক্ত করা হয়েছে। পরাজিত হওয়া লুৎফর রহমান কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২১ সালে শপথ নেওয়ার পর থেকে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তিনি মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, বিতর্কিত ওই নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সিলেটের তৎকালীন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। ৫ বছর পর আদালতের এই রায়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
এসআর/জেডএস
