চৈত্র শেষে বৈশাখের শুরুতেও দেশজুড়ে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। এতে করে প্রচণ্ড গরমে জনজীবনে তৈরি হয়েছে হাঁসফাঁস অবস্থা। তবে অস্বস্তিকর এমন অবস্থার মধ্যেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রার ওঠানামার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রকাশিত আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, একদিকে খুলনা বিভাগসহ দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, অন্যদিকে সিলেটেসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিকে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। তবে ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে বৃষ্টির আওতা বাড়বে। সেদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বিজ্ঞাপন
পরবর্তীতে ১৭ ও ১৮ এপ্রিলও দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ১৮ এপ্রিলের পর থেকে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আবারও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আরএইচটি/এমএন
