বিজ্ঞাপন

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মানববন্ধনের ভিডিও, ‘পুরোনো’ বলছে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মানববন্ধনের ভিডিও, ‘পুরোনো’ বলছে পুলিশ

চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মানববন্ধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন নিষিদ্ধ ঘোষিত নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, যিনি বর্তমানে নিজেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। 

মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, নগরের কোতোয়ালি থানাধীন কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়েছে বলে ভিডিওতে দেখা গেলেও ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কোর্ট হিল এলাকায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আইনজীবীদের চেম্বার এবং বার অ্যাসোসিয়েশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভোরের দিকে সরকারি কার্যক্রম শুরুর আগেই ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন কয়েকজন। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ভিডিওটি নজরে আসার পরপরই সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ের কোনো ফুটেজে এমন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, ভিডিওটি আগের কোনো ঘটনার হতে পারে, যা নতুন করে ছড়ানো হচ্ছে। বিষয়টি যাচাই করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এমআর/এমএসএ