৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫-এ বিএমডিসি সনদ না থাকায় স্থগিত থাকা প্রার্থীদের মধ্য থেকে ১৯০ জনকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিএসসি এ তথ্য নিশ্চিত করেছে।
কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত থাকা প্রার্থীদের মধ্যে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরধারীদের প্রাথমিকভাবে এসব পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৭১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন রয়েছেন।
এতে আরও বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নেওয়া এসব প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তাদের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে, এখনও স্থগিত থাকা অবশিষ্ট ২৪ জন প্রার্থীর বিষয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পর্কে নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এর আগে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনসহ মোট ৩ হাজার ১২০ জনকে সাময়িক (প্রভিশনাল) মনোনয়ন দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
তবে বিএমডিসি সনদ দাখিল না করায় সহকারী সার্জন পদে ২০১ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৬ জনসহ মোট ২২৭ জন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এ ছাড়া তথ্যঘাটতির কারণে মুক্তিযোদ্ধা কোটার একজন প্রার্থীর মনোনয়নও স্থগিত করা হয়েছিল।
পরে এসব স্থগিত প্রার্থীদের জন্য বিএমডিসি সনদ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে পিএসসি। নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে সনদসংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়। এমনকি যারা ইতোমধ্যে সনদের হার্ডকপি জমা দিয়েছেন, তাদেরও ওই ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়।
আরএইচটি/এমএসএ
