বিজ্ঞাপন

তিন দেশ থেকে এক দিনে পৌঁছেছে ৩৪ প্রবাসীর মরদেহ

তিন দেশ থেকে এক দিনে পৌঁছেছে ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া– এই তিন দেশ থেকে এক দিনেই ৩৪ জন প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।

শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে। আজ সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ আসে।

এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা অন্য ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ দেশে পৌঁছেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় স্বাভাবিক মৃত্যুবরণকারী ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ আজ পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

আজ দেশে পৌঁছানো মরদেহের মধ্যে কুয়েত (ফ্লাইট KU-5283) থেকে ৩০ জন, মালয়েশিয়া (ফ্লাইট BS-316) থেকে ২ জন এবং লিবিয়া (ফ্লাইট QR-640) থেকে ২ জন প্রবাসী রয়েছেন।

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

এ ছাড়া, মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে প্রদান করা হবে।

স্বজনদের নিকট মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এনআই/বিআরইউ