ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হাম নির্মূল টিকাদান কর্মসূচিতে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২০ এপ্রিল থেকে সারাদেশে ইপিআইএর তত্ত্বাবধানে গণটিকাদান কর্মসূচি পালন করছে সরকার। টিকাদান কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় হাম নির্মূল টিকাদান কর্মসূচিতে ৫৪টি স্থায়ী টিকাদান কেন্দ্র, ৫০২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, ৩৫টি বৈকালিক টিকাদান কেন্দ্র ,ফ্রাইডে (শুক্রবার) টিকাদান কেন্দ্র ৮টি সহ, মোট ৫৯৯টি টিকাদান কেন্দ্র পরিচালনা করছে।
১২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ডিএনসিসির কাভারেজ ৩ লাখ ৭৮হাজার ৯৯০ জন শিশু যা মোট লক্ষ্যমাত্রার ৭৮ শতাংশ।
এদিকে হাম-রুবেলা ক্যাম্পেইনে কোনো শিশু যাতে টিকা পাওয়া থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে ডিএনসিসির ঝুঁকিপূর্ণ ৩০টি ওয়ার্ডে ( ওয়ার্ড-২, ৯, ১১, ১২, ১৫, ১৯, ২০, ২৪, ২৬, ৩২, ৩৪, ৩৬,৩৭ থেকে ৫৪) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ১০৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবককে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন।
এ বিষয়ে তিনি বলেন, ডিএনসিসি কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এই কার্যক্রমের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। আগামী শনিবার, ২৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচি ১১ দিনব্যাপী চলবে।
জানা গেছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) ‘ডিজাস্টার রেসপন্স ইমারজেন্সি ফান্ড’ (ডিআরইএফ)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে বাদ পড়া শিশু, ঝুঁকিপূর্ণ এলাকার শিশু, হার্ড টু রিচ শিশু, পথ শিশু, ভ্রাম্যমাণ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা, হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, ডিএনসিসির ৩১টি ওয়ার্ডে ৫০টি নির্বাচিত টিকাদান কেন্দ্রে ১২৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। টিকাদান কেন্দ্রগুলোর মধ্যে ১০টিতে শিশুদের জন্য বিশেষ ‘শিশু-বান্ধব কর্নার’ স্থাপন করা হবে।
এছাড়া ডিএনসিসির বিলবোর্ড গুলোতে হাম রোগের তথ্যচিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জনসচেতনতা বাড়ানোর জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এএসএস/ জেআই
