বিজ্ঞাপন

টকশো অনেক করেছি, এখন ওয়ার্ক-শোর সময় : প্রতিমন্ত্রী ফারজানা

টকশো অনেক করেছি, এখন ওয়ার্ক-শোর সময় : প্রতিমন্ত্রী ফারজানা

রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা যে শপথ নিয়েছি, তা পূরণ করাই আমাদের প্রধান লক্ষ্য। জনপ্রতিনিধিদের মূল দায়বদ্ধতা জনগণের কাছেই, তাই কাজের মাধ্যমেই তাদের কাছে মাথা উঁচু করে ফিরে যেতে চাই।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, এক সময় দেশে মতপ্রকাশের স্বাধীনতা বলতে কিছু ছিল না, সত্য কথা বলার জন্য অনেককে জীবন পর্যন্ত দিতে হয়েছে।

তৎকালীন ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে তিনি জানান, দুঃসময়েও তিনি ভয় পাননি; এমনকি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সো-কলড প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করেছিলাম। অনেক টকশো করা হয়েছে, এখন ‘ওয়ার্ক-শো’ করার সময় এসেছে। জনগণের কাছে কাজের জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান অগ্রাধিকার।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যক্ষ সহচর্যকে নিজের রাজনৈতিক শিক্ষার পাথেয় হিসেবে উল্লেখ করেন ফারজানা শারমীন। তিনি জানান, সরাসরি জিয়াউর রহমানের সান্নিধ্য না পেলেও খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতির মূল শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছি। আমরা প্রতিটি অঞ্চলকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।

এসআর/বিআরইউ