বিজ্ঞাপন

সম্ভাবনা-চ্যালেঞ্জ মাথায় রেখে আসছে অ্যাকটিভ শেয়ারিং গাইডলাইন : বিটিআরসি

সম্ভাবনা-চ্যালেঞ্জ মাথায় রেখে আসছে অ্যাকটিভ শেয়ারিং গাইডলাইন : বিটিআরসি

টেলিযোগাযোগ অবকাঠামোয় অ্যাকটিভ শেয়ারিং চালুর ক্ষেত্রে সম্ভাবনা ও চ্যালেঞ্জ—উভয় দিক বিবেচনায় রেখে নতুন গাইডলাইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান।

কর্মশালায় এমদাদ উল বারী বলেন, ফাইভ-জি চালু এবং মানসম্মত ভয়েস ও ডাটা সেবা নিশ্চিত করতে অ্যাকটিভ শেয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে কার্যকর নীতিমালা তৈরি করা হবে। দেশের প্রায় সব এলাকায় নেটওয়ার্ক কাভারেজ থাকলেও ফাইভ-জি বাস্তবায়ন ও মানসম্মত সেবা নিশ্চিতে অ্যাকটিভ শেয়ারিং জরুরি। এতে বড় ধরনের বিনিয়োগ ও রিসোর্স মবিলাইজেশনের প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অ্যাকটিভ শেয়ারিং নিরাপদ ইকোসিস্টেম গঠন, সুস্থ প্রতিযোগিতা এবং টেলিযোগাযোগ খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, অবকাঠামো শেয়ারিং বাস্তবায়ন হলে খরচ কমে মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে এই খাতে রিসোর্স ডুপ্লিকেশন আছে, যা কমানো গেলে সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে।

আলোচনায় আরও উঠে আসে, ভবন নির্মাণে টেলিকম অবকাঠামোর সংযোজন, ব্রডকাস্টিং নেটওয়ার্ক অন্তর্ভুক্তি, অপারেটর এক্সিটের নীতিমালা এবং আইআইজি পিয়ারিংয়ের মাধ্যমে সাইবার ঝুঁকি কমানোর বিষয়।

লাস্ট মাইল কানেক্টিভিটি, ফাইবার ব্যাংক গঠন এবং যৌথ অবকাঠামো ব্যবহারের ওপরও গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় মোবাইল অপারেটর, এনটিটিএন, টাওয়ার কোম্পানি, স্যাটেলাইট কোম্পানি, আইএসপিএবি, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞসহ মোট ১৩০ জন প্রতিনিধি অংশ নেন।

স্বাগত বক্তব্যে বিটিআরসির কমিশনার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ বলেন, অ্যাকটিভ শেয়ারিং নতুন সম্ভাবনা তৈরি করলেও এতে নানা চ্যালেঞ্জ রয়েছে। বাস্তব অভিজ্ঞতা থাকা স্টেকহোল্ডারদের মতামত গাইডলাইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া সমাপনী বক্তব্যে বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক সব অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ গাইডলাইন তৈরি করা হবে বলেও মন্তব্য করেন।

আরএইচটি/এসএএস/এমএন

বিজ্ঞাপন