নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন মাঠ কার্যালয়ে ঝুলে আছে প্রায় ৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।
রোববার (৩ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান।
এনআইডি’র তথ্যানুযায়ী, মাঠ পর্যায়ে মোট পেডিং আবেদন ৬৭ হাজার ৮৬৪টি। এর মধ্যে ক-১ ক্যাটাগরিতে রয়েছে ১ হাজার ২৭৩টি, ক ক্যাটাগরিতে রয়েছে ১৬ হাজার ১৬ হাজার ৪২১টি, খ-১ ক্যাটগরিতে রয়েছে ৫ হাজার ৭২৫টি, খ ক্যাটাগরিতে রয়েছে ২৫ হাজার ৩১৮টি এবং গ ক্যাটাগরিতে রয়েছে ১৯ হাজার ১২৭টি।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন সংশ্লিষ্ট কাজে ব্যস্ত থাকায় এনআইডি’র সংশোধন আবেদন নিষ্পত্তিতে বাধা সৃষ্টি হয়। সংসদ নির্বাচন ও গণভোটের এই বিশাল কর্মযজ্ঞের কারণে এনআইডি সংশোধন ও অন্যান্য নাগরিক সেবা সাময়িকভাবে ধীরগতিতে চলে। যার ফলে মাঠ পর্যায়ে প্রচুর আবেদনের জট তৈরি হয়েছে।
এছাড়া এনআইডি সংশোধনের নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (এসওপি) অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জমে থাকা আবেদনের জট দ্রুত নিরসনে নির্দেশনা দিয়েছিল। বিশেষ করে জন্মতারিখ সংশোধনসহ ঝুলে থাকা আবেদনগুলো বর্তমানে এনআইডি মহাপরিচালক এর ক্যাটাগরিতে সংশোধন হয়ে থাকে। কেউ যদি একদিন বয়সও সংশোধনের আবেদন করেন তাহলে নতুন এসওপি অনুযায়ী সেই আবেদন এনআইডি মহাপচিালক নিষ্পতি করে থাকেন। আগে বয়স সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এখতিয়ারের মধ্যে ছিল।
এসআর/এমএসএ
