রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের সড়কে ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে একটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক সিএনজি চালক। এ ঘটনায় কাকরাইল মসজিদ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছটি রাস্তা থেকে অপসারণ করলে যানচলাচল আবারও শুরু হয়।
রোববার (৩ মে) বিকেল সোয়া ৩টার দিকে ঝড়-বৃষ্টির সময় রমনা পার্ক সংলগ্ন সড়কের পাশে থাকা গাছটি হঠাৎ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি পড়ে একটি চলন্ত সিএনজির ওপর আঘাত করে। এতে সিএনজির সামনের গ্লাস ভেঙে যায়।
ভুক্তভোগী সিএনজি চালক আব্দুল আলীম জানান, ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। পথে ঝড়ে হঠাৎ গাছ ভেঙে পড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং তার হাতে আঘাত লাগে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, দ্রুত আমাদের টিম কাজ করে রাস্তা থেকে গাছ অপসারণ করে। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এমএসি/জেডএস
