দীর্ঘদিন ধরে লোকসানে থাকা পর্যটন করপোরেশনের হোটেল ও রেস্তোরাঁগুলো চিহ্নিত করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, এ জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং প্রয়োজনে জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শন করা হবে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে আগারগাঁওয়ের পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, করপোরেশনের বিদ্যমান যানবাহনগুলো পর্যায়ক্রমে ইলেকট্রিক যানবাহনে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনকে একটি লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করতে সরকার কাজ করছে। গত ১৭ বছরে এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পর্যটন খাতে কার্যক্রমের ব্যাপক প্রচারণা এবং পর্যটন স্পটগুলোর কৌশলগত ব্র্যান্ডিংয়ে উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য ও কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআর/এমএন
