চট্টগ্রামের পটিয়ায় খাদ্যজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলি ফুড প্রোডাক্টস ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৬ মে) দুপুরে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং ভোক্তা অধিকার বিভাগের কর্মকর্তারা উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে অবস্থিত এই ফ্যাক্টরিটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে খাদ্যজাত পণ্য উৎপাদনের সময় সেখানে মাছি দেখা যায় এবং ব্যবহৃত বিভিন্ন পণ্যের আমদানিকারকের সঠিক তথ্য বা নাম দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার অফিসার ইনচার্জ যুযুৎস যশ চাকমা এবং ফ্যাক্টরির ম্যানেজার জসিম উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। সরকার যেমন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে, তেমনি সাধারণ জনগণের স্বার্থ রক্ষায়ও কাজ করছে। ফুলকলি ফ্যাক্টরির পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল, পাশাপাশি চাষাবাদও ব্যাহত হচ্ছিল। সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে দুই মাস আগে আমরা ফ্যাক্টরিটি পরিদর্শন করি। তখন কর্তৃপক্ষ সমস্যাগুলো সমাধানে দুই মাস সময় নেয়। তারই ধারাবাহিকতায় বুধবার পুনরায় পরিদর্শন করা হয়। তারা কাজ শুরু করেছে; তবে কিছু প্রয়োজনীয় মালামাল না পাওয়ায় কাজ এগোয়নি। ১৫ জুন পর্যন্ত তারা আবারও সময় নিয়েছে। এর মধ্যে পানি দূষণমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিচুর রহমান বলেন, পরিদর্শনের সময় খাদ্যজাত পণ্য প্রস্তুতের স্থানে মাছি দেখা যায়। এছাড়া আমদানিকৃত পণ্যের আমদানিকারকের নাম দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে খাদ্যজাত পণ্য প্রস্তুতের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
এনামুল হক নাবিদ/এমএসএ
