দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন পর্যবেক্ষণে তিন কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ায় পাঠাচ্ছে ইসি।
রোববার (১০ মে) নির্বাচন কমিশনের উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন একযোগে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। তারা হলেন- ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইস) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম। এই কর্মকর্তাদের সমস্ত ব্যয় বহন করবে কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। তারা ২৭ মে দেশত্যাগ করে ফিরবেন ৭ জুন।
ইসি কর্মকর্তারা বলছেন, আগামী এক বছরে বাংলাদেশেও চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। এই সময়ে এসে এই ধরনের অভিজ্ঞতা দেশের নির্বাচনেও কাজে আসতে পারে।
এসআর/জেডএস
