বিজ্ঞাপন

অ্যাক্রেডিটেশন অর্জনে এআই টুলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ডুয়েট ভিসি

অ্যাক্রেডিটেশন অর্জনে এআই টুলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ডুয়েট ভিসি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেছেন, ওয়াশিংটন অ্যাকর্ডের সদস্য হওয়ার ফলে বাংলাদেশের প্রকৌশল ডিগ্রিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতির পথ সুগম হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অ্যাক্রেডিটেশন অর্জনে এআই টুলসের ব্যবহার এখন অনস্বীকার্য।

সোমবার (১১ মে) ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘এআই টুলস অ্যান্ড রেজাল্ট প্রিপারেশন উইদ কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম ম্যাপিং ফর ক্যাপাসিটি বিল্ডিং ইন অ্যাকাডেমিয়া’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, দেশের প্রকৌশল ডিগ্রিগুলোর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির ফলে অ্যাকর্ডভুক্ত দেশগুলোতে বাংলাদেশি প্রকৌশলীদের কাজের সুযোগ বাড়ছে। ডুয়েটের বিভাগগুলোর অ্যাক্রেডিটেশনের জন্যও সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই স্বীকৃতি পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এআই ও মেশিন লার্নিং প্রযুক্তি বর্তমানে অ্যাকাডেমিয়ায় কোর্স আউটকাম (সিও) ও প্রোগ্রাম আউটকাম (পিও) ম্যাপিং বাস্তবায়নকে সহজ করেছে। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান বিভাগগুলোতে বাস্তবায়নের মাধ্যমে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, প্রকাশনা, র‍্যাঙ্কিং উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ডুয়েটকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে।

কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল রাসেল। এছাড়া বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিআরইএন) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ও নেটওয়ার্ক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেলের জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন এবং ইনোভেশন সেলের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, বর্তমানে কেবল অ্যাকাডেমিক ফলনির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে কোর্স ও প্রোগ্রাম আউটকামভিত্তিক শিক্ষা পদ্ধতি গুরুত্ব পাচ্ছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রির বৈশ্বিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সিও-পিও ম্যাপিং বাস্তবায়নের বিকল্প নেই।

অধ্যাপক ড. শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধান, আন্ডারগ্র্যাজুয়েট কোর্স কো-অর্ডিনেটর এবং বিভাগগুলোর প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা অংশ নেন।

আরএইচটি/এসএএস/এমএন