স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাস্তা খনন বা নির্মাণকাজে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয় করে কাজ করতে হবে। বৃষ্টির পানির সঠিক প্রবাহ বিবেচনা করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে পানি কোথাও জমে না থাকে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শামীমবাগ এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পগুলো যেন মানুষের উপকারে আসে, তাদের উন্নতি সাধন করে সেদিকে নজর রাখতে হবে। তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগরায়নের দর্শন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে নয়, বরং সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে। সরকার চায় প্রতিটি নাগরিক যেন আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারে।
মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এসএইচআর/আরএফ
