বিজ্ঞাপন

ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর সেই প্রতিবন্ধী বাবার পাশে জেলা প্রশাসক

টাকার অভাবে সাত মাস বয়সী শিশু তাজিমের আইসিইউতে চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন তার প্রতিবন্ধী বাবা আসলাম। ছেলের চিকিৎসা করাতে গিয়ে প্রায় ৫০ হাজার টাকার ঋণেও জড়িয়ে পড়েন তিনি। অসহায় এই বাবাকে নিয়ে গতকাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি তাজিমের চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় প্রতিবন্ধী বাবার ঋণ পরিশোধের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণের ঘোষণা দেন জেলা প্রশাসক।

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিস্থিতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে ফরিদা খানম বলেন, প্রতিটি শিশুই আমাদের সন্তান। একটি শিশুও যেন চিকিৎসার অভাবে মারা না যায়, সেটি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি জেলা প্রশাসক, আমি একজন মা-ও। প্রতিটি মায়ের আর্তনাদ আমাকেও ব্যথিত করে। যেকোনো মূল্যে আমাদের সন্তানদের রক্ষা করতেই হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, পরিদর্শনের সময় তিনি জানতে পারেন, এক প্রতিবন্ধী ব্যক্তির সন্তান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। অর্থাভাবে পরিবারটি চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছিল। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয় এবং শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কাছ থেকে আর্থিক সহায়তা ও ছেলের চিকিৎসার দায়িত্ব পাওয়ার পর ঢাকা পোস্টের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিবন্ধী বাবা আসলাম। তিনি বলেন, ঢাকা পোস্ট গতকাল আমার দুরবস্থার কথা তুলে ধরেছে। ছেলে চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা ঋণ হয়েছে। আইসিইউতে থাকা ছেলের পরবর্তী চিকিৎসা চালানো আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আজ জেলা প্রশাসক এসে আমার পাশে দাঁড়িয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।

এমএল/এমএন