রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় একটি ষষ্ঠতলা ভবনে এসি মেরামতের সময় নিচে পড়ে মো. রবিউল(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওয়ালটন কোম্পানির এসির মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ থানার কাশিমপুর গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান। বর্তমানে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন।
নিহতের মামাতো ভাই রাহাত জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে কামরাঙ্গীরচর এলাকায় একটি ষষ্ঠতলা ভবনে এসি মেরামতের কাজ করছিল রবিউল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান রবিউল আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/বিআরইউ
