বিজ্ঞাপন

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: বিচারের দাবিতে ইসলামিক যুব ফ্রন্টের স্মারকলিপ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: বিচারের দাবিতে ইসলামিক যুব ফ্রন্টের স্মারকলিপ

শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামিক যুব ফ্রন্ট চট্টগ্রাম জেলা। একই সঙ্গে ধর্ষণ ও হত্যার মতো অপরাধ প্রতিরোধে পাঁচ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে রামিসা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ধর্ষক-খুনির দ্রুত বিচার কার্যকর, দেশে সংঘটিত সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা ও রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান, শিশুদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার আশপাশে নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং আইনের ফাঁক গলে অপরাধীরা যাতে পার পেয়ে যেতে না পারে সে জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী আহসানুল আলম, সাধারণ সম্পাদক আহমদ রেজা, চট্টগ্রাম মহানগর সভাপতি সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শাকিল, ছাত্রনেতা আবদুল্লাহ আল মুমিন, শহিদুল ইসলাম, মামুনুল ইসলাম ও তাজবীর হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে নেতারা বলেন, দেশে ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার এমন নৃশংস ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। রামিসার মতো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিকল্প নেই।

তারা আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে না পারলে এ ধরনের বর্বরোচিত ঘটনা ভবিষ্যতেও ঘটতে থাকবে। তাই অবিলম্বে এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এমআর/এসএম