আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ইন্টারসেকশনে ১৬০ মিটার রিজিড পেভমেন্ট যান চলাচলের জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
শনিবার (২৩ মে) সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নবনির্মিত অংশটি পরিদর্শন শেষে যান চলাচলের জন্য খুলে দেন।
সেতু সচিব বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যানজট কমানো এবং রাজধানীতে প্রবেশ ও বহির্গমন সহজ করতেই দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করা হয়েছে। ঈদের আগেই গুরুত্বপূর্ণ এই সড়ক অংশ চালু হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।
তিনি আরও বলেন, নতুন লেনের বিপরীত পাশে থাকা পুরোনো লেনটিও দ্রুত অস্থায়ী সংস্কার ও কার্পেটিংয়ের মাধ্যমে সচল রাখতে হবে, যাতে ঈদের সময় উভয়মুখী যান চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। একই সঙ্গে ট্রাফিক প্রবাহ স্বাভাবিক রাখতে হবে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশপথ হওয়ায় এখানে প্রতিদিনই তীব্র যানবাহনের চাপ থাকে। আধুনিক ও টেকসই রিজিড পেভমেন্ট চালু হওয়ায় ভারী যানবাহনও এখন ধীরগতি ছাড়াই এই অংশ অতিক্রম করতে পারবে। ফলে ঈদযাত্রায় এই এলাকায় যানজটের আশঙ্কা অনেকটাই কমবে।
এমএইচএন/বিআরইউ
