ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ ও পরিবেশ দূষণকারী মোটরযান চলাচল বন্ধে আবারও সতর্কতা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সংস্থাটি জানিয়েছে, ত্রুটিপূর্ণ ও জরাজীর্ণ যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে।
শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিআরটিএর জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিটনেসবিহীন, ক্ষতিগ্রস্ত, রংচটা, অনুমোদন ছাড়া রং পরিবর্তন করা, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী মোটরযান চালানোর ফলে মানুষের মূল্যবান জীবন ও অঙ্গহানি ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সড়ক-মহাসড়কে যান চলাচলের আগে গাড়ির কারিগরি ত্রুটি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী ত্রুটিপূর্ণ মোটরযান চালনা শাস্তিযোগ্য অপরাধ। তাই সংশ্লিষ্ট মালিক ও চালকদের এ ধরনের যানবাহন সড়কে না নামানোর অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় চালকের ড্রাইভিং লাইসেন্স স্থগিত এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫ ও ০১৫৫০৭২২০৬৬-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
/এমএইচএন/এমএসএ
