বিজ্ঞাপন

রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুলের শিক্ষক এবং উপজেলার দক্ষিণ পোমরা এলাকার বাসিন্দা ছিলেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির ছাদে ময়লা ফেলতে যান অন্তর দাশ। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনামুল হক নাবিদ/বিআরইউ