বিজ্ঞাপন

রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি সম্মিলিত নাগরিক সমাজের

রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি সম্মিলিত নাগরিক সমাজের

শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে অবিলম্বে রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ। 

শনিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সমন্বয়কারী আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনের উপস্থিত ছিলেন ভয়েস অব কনসাস সিটিজেন (ভিসিসি) চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা ভুইয়া, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন, জাতীয় নারী আন্দোলনের আহ্বায়ক মিতা রহমান প্রমুখ।

বক্তব্যে ভিসিসি চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে নিরাপদ থাকতে পারি, এই দায়িত্ব যেমন সরকারের, তেমনি জনগণেরও দায়িত্ব আছে। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। আর কোনো রামিসা যাতে ধর্ষণের শিকার না হয় সেজন্য সরকারকে কঠোর হতে হবে। রামিসা হয়তো ফিরে আসবে না। কিন্তু রামিসা হত্যার বিচারকে কেন্দ্র করে ছোট ছোট শিশুদের জীবন রক্ষা পাবে।

তিনি বলেন, বাংলাদেশে হত্যাকাণ্ড, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, বলাৎকার ও ছিনতাইয়ের মতো অপরাধ দিন দিন বাড়ছে। গত ১০ দিনে দেশে পাঁচটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। 

শ্রমিক নেতা এ এম ফয়েজ হোসেন বলেন, একটি সভ্য ও মানবিক রাষ্ট্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এমনকি জনপরিসরেও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতি জাতির জন্য গভীর লজ্জা ও উদ্বেগের বিষয়।

ওএফএ/জেডএস

বিজ্ঞাপন