জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে চট্টগ্রামের খুলশীতে মক্তবের দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল বাতেন (৫৫) নামে এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) রাতে ঘটনাটি জানার পর খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৩ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে দশটায় চট্টগ্রামের খুলশীর ১৩ নম্বর ওয়ার্ড আমবাগান নালাপাড়া থেকে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানের মসজিদের ইমাম একটি মক্তব পরিচালনা করেন, তিনি মক্তবের ১১ বছর এবং ৭ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়ন এবং শ্লীলতাহানি করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে। শিশু ছাত্রী দুজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী মসজিদের ভেতর ইমামকে আটকিয়ে রেখেছে এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
তিনি আরও জানান, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য খুলশী থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি ধরেছেন কলটেকার কনস্টেবল সমীর এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে তদারকি এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম।
আনোয়ার সাত্তার বলেন, সংবাদ পেয়ে খুলশী থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিপীড়িত শিশু দুজনের বক্তব্য শুনে এবং অভিযুক্ত মক্তব শিক্ষক আব্দুল বাতেন (৫৫) কে গ্রেপ্তার করে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসি/বিআরইউ
