বিজ্ঞাপন

রামিসা হত্যা

রামিসা ধর্ষণ-হত্যা: আজই আদালতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেবে পুলিশ!

রামিসা ধর্ষণ-হত্যা: আজই আদালতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেবে পুলিশ!

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজই দাখিল করা হচ্ছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের কপি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে নিয়ে যাচ্ছে পল্লবী থানা পুলিশ।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যালোচনার পর আজই (রোববার) আদালতে প্রতিবেদনটি দাখিল করা হবে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

তিনি দুপুর আড়াইটার দিকে ঢাকা পোস্টকে বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সেটি নিয়ে আমাদের তদন্তকারী দল ডিএমপিতে যাচ্ছে। সেখানে কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদনের সার্বিক বিষয়ে জানানো হবে। মামলার ডকেট ও উদ্ধার হওয়া আলামত আমাদের সঙ্গেই রয়েছে। 

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যালোচনার পর আজই সেই প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি আদালতে দাখিল করা হবে।

গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার ওই শিশুকে কৌশলে তার ফ্ল্যাটের রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য তার মা খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে আসামির রুমের সামনে তার জুতা দেখতে পান।

ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা-মা ও অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ এবং মাথা বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান।

আসামি স্বপ্না আক্তারকে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার স্বামী সোহেল রানা হীন কামনা চরিতার্থ করার জন্য রামিসাকে বাথরুমের ভেতরে আটকে রেখে ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে।

পরে রামিসার মরদেহ গুম করার উদ্দেশ্যে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করা হয়। আর তার মাথাটি বালতির মধ্যে রাখা হয়।

লোকজন জড়ো হলে রুমের জানালার গ্রিল কেটে সোহেল রানা পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা করেছেন।

জেইউ/এসএম