বিজ্ঞাপন

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

রোববার (২৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মঘাদিয়া মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আলী হোসেন (৬৫)। 

আহতরা হলেন- বাগেরহাট সদরের মো. ফরহাদ হোসেনের ছেলে মো. ইনজামুল হোসেন (৩২), মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চরসড়ক এলাকার মো. মাঈনুদ্দীনের ছেলে মো. শাহীন (২৬), এবং উপজেলার জোরারগঞ্জের পশ্চিম সোনাপাহাড় এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নাজমুল (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা অর্থনৈতিক অঞ্চল থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন এবং আরও তিনজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের  অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও যানটি জব্দ করেছে পুলিশ।

নিহতের স্বজন ও আহতদের সঙ্গে থাকা বন্ধু ইকবাল হোসেন (১৯) বলেন, দুর্ঘটনার সময় সিএনজিতে কয়েকজন যাত্রী ছিলেন। ট্রাকটি হঠাৎ ব্রেক করায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং মুহূর্তের মধ্যেই সংঘর্ষ ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, বিকেলে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে এক সিএনজি যাত্রী নিহত হন এবং সিএনজিচালকসহ দুজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএ