চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি পোশাক কারখানায় চোর সন্দেহে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি পুলসংলগ্ন বিসমিল্লাহ ফেব্রিকস নামের কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরের দিকে কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করেন ওই যুবক। বিষয়টি টের পেয়ে কারখানার লোকজন তাকে আটক করে বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এমএসএ
