বিজ্ঞাপন

চট্টগ্রামে গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৭

চট্টগ্রামে গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৭

চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারের হাটখোলা এলাকার মৃত আখতার উদ্দিনের ছেলে।

আহতরা হলেন— আনোয়ারার বৈরাগ এলাকার তিন বছরের শিশু রানু আকতার, কর্ণফুলীর ফকিনীর হাট এলাকার ছয় বছরের শিশু তাসলিমা আকতার, হাইলধর পীরখাইন এলাকার মোহাম্মদ সোলাইমান (৫০) ও তার ছেলে মোহাম্মদ জারিফ (১৬), ইছাখালী এলাকার মোতাহার (৫২), তৈলারদ্বীপ এলাকার মোহাম্মদ শাহীন (২৮) এবং বটতলী এলাকার আহসান উল্লাহ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মইজ্জ্যারটেক থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে চাতরী চৌমুহনীর উদ্দেশে যাচ্ছিল। পথে শাহমীরপুর বাদামতল এলাকায় পৌঁছালে একটি গরুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনে বসা আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার সময়ে সিএনজি চালক এক হাতে ফোনে কথা বলছিলেন আর অন্য হাতে গাড়ি চালাচ্ছিলেন। এর মধ্যে ট্রাকটি ধাক্কা দিলে চালক সাবধানতা অবলম্বন না করায় গাড়িতে থাকা সবাই আহত হন এবং আব্দুল খালেক মারা যান।

নিহত আব্দুল খালেকের ছেলে আবু তারেক বলেন, ‘আমরা দুই ভাই কেপিজেডে চাকরি করার কারণে পুরো পরিবার কর্ণফুলীর দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করি। বাবা সোমবার ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে ভাড়া বাসায় আসছিলেন। হঠাৎ হাসপাতাল থেকে ফোন আসে বাবা মারা গেছেন।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাবরিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় শিশুসহ ৮ জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন বৃদ্ধ মারা যান। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম ঢাকা পোস্টকে বলেন, ‘সিএনজি চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘাতক চালক ট্রাকসহ পালিয়ে গেছে।’

এসএএস/জেডএস