বিজ্ঞাপন

জলবায়ুর পরিবর্তনে আদিবাসী জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে

জলবায়ুর পরিবর্তনে আদিবাসী জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও বন উজাড়, একক ফসলভিত্তিক বাগান সম্প্রসারণ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের মতো মানবসৃষ্ট কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) আদিবাসী জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে।

ইউনেস্কো-সমর্থিত একটি উদ্যোগের আওতায় পরিচালিত তরুণদের গবেষণায় উঠে এসেছে। 

মঙ্গলবার (২৫ মে) ইউনেস্কো ঢাকা অফিস থেকে এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানা গেছে। 

ইউনেস্কো, মালেয়া ফাউন্ডেশন এবং জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে পরিচালিত ‘ইয়ুথ অ্যাজ রিসার্চার্স (ইয়ার) : ইন্ডিজেনাস ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ উদ্যোগের আওতায় আদিবাসী তরুণ গবেষকরা নিজ নিজ সম্প্রদায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুসান ভাইজ এবং চাকমা সার্কেলের প্রধান ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়।

গবেষণার ফলাফল বলছে, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, জীবিকা এবং সাংস্কৃতিক চর্চা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হওয়ায় তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবর্তিত পরিবেশগত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রচলিত পরিবেশভিত্তিক জ্ঞান এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, এসব জ্ঞানব্যবস্থা নিজেরাই ক্রমশ নানা ধরনের চাপে পড়ছে।

গবেষণায় সামাজিক বাস্তবতার গুরুত্বপূর্ণ কিছু দিকও উঠে এসেছে। বিশেষ করে সীমিত সম্পদে প্রবেশাধিকার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলনামূলক কম অংশগ্রহণের কারণে আদিবাসী নারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও বেশি বহন করছেন।

সমষ্টিগতভাবে গবেষণাগুলো দেখিয়েছে যে জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত পরিবর্তন নয়; এটি আদিবাসী জনগোষ্ঠীর জীবিকা, সংস্কৃতি, সামাজিক বাস্তবতা এবং জীবনযাত্রার ওপরও বহুমাত্রিক প্রভাব ফেলছে।

‘ইয়ুথ অ্যাজ রিসার্চার্স’ উদ্যোগটি ইউনেস্কোর একটি বৈশ্বিক কাঠামোর অংশ, যা বাংলাদেশে আদিবাসী তরুণদের গবেষণা, জলবায়ুবিষয়ক অ্যাডভোকেসি এবং কমিউনিটি সম্পৃক্ততার মাধ্যমে নেতৃত্ব বিকাশে কাজ করছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইউনেস্কো, মালেয়া ফাউন্ডেশন এবং জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে আদিবাসী ভাষার ব্যবহার ও সংরক্ষণবিষয়ক একটি জাতীয় পরামর্শ সভার মাধ্যমে এই উদ্যোগের যাত্রা শুরু হয়। আলোচনায় সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জ্ঞানব্যবস্থা এবং তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব উঠে আসে।

আরএম/এমএন