অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস সহকারী মোহাম্মদ তফাজ্জল হোসেনের বিরুদ্ধে সম্পদের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি ওই সম্পদের নোটিশ ইস্যু করা হয়। দুদক উপ-সহকারী পরিচালক ফাতেমা বিনতে খলিল অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।
দুদকের আদেশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে কমিশনের কাছে স্পষ্ট হয়েছে যে, মোহাম্মদ তফাজ্জল হোসেন নামে ও বেনামে জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় অফিস সহকারী হিসেবে কর্মরত।
দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার ক্ষমতাবলে তাকে নিজের, স্ত্রীর ও নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।
আদেশ অনুযায়ী, নোটিশ পাওয়ার পর নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। একই সঙ্গে মূল সম্পদ বিবরণী ফরমসহ সশরীরে উপস্থিত হয়ে তা জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে অথবা মিথ্যা তথ্য দিলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএম/বিআরইউ
