বিজ্ঞাপন

ঈদের পরও কর্মচাঞ্চল্য ফেরেনি ঢাকায়, খালি চলছে বাস

ঈদের পরও কর্মচাঞ্চল্য ফেরেনি ঢাকায়, খালি চলছে বাস

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টানা সাত দিনের ছুটির প্রভাবে এখনও অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কম, নেই চিরচেনা যানজট ও মানুষের কোলাহল। অধিকাংশ মানুষ এখনও ঢাকার বাইরে থাকায় যাত্রী সংকটে পড়েছেন গণপরিবহন শ্রমিকরা। তারা বলছেন, ছুটি শেষে সপ্তাহের মাঝামাঝি থেকে রাজধানীতে স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরতে পারে।

শনিবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্য সময়ের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি অনেক কম। প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপও সীমিত। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম।

dhakapost

ফলে ব্যস্ত নগরীর চিরচেনা যানজট, মানুষের ভিড় আর কোলাহল যেন সাময়িকভাবে হারিয়ে গেছে। সড়কে যানবাহনের চাপ কম, অলিগলি থেকে প্রধান সড়ক— সবখানেই চোখে পড়ছে স্বস্তির পরিবেশ।

অন্যদিকে, ফাঁকা ঢাকায় যাত্রী সংকটের কথা বলছে গণপরিবহন শ্রমিকেরা।

মিরপুর রুটে চলাচলকারী পরিস্থান বাসের চালক আবুল কালাম জানান, ঈদের ছুটি এখনও শেষ না হওয়ায় অনেক মানুষ রাজধানীতে ফেরেননি। ফলে গত কয়েকদিন ধরে রাস্তায় যাত্রীর সংখ্যা খুবই কম। বাস নিয়ে একাধিকবার যাতায়াত করলেও কোনো ট্রিপেই পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না।

গুলশান-বাড্ডা রুটে চলাচলকারী আলিফ পরিবহনের চালকের সহকারী নিজাম বলেন, সাধারণ সময় যে সংখ্যক যাত্রী থাকে, এখন তার চার ভাগের এক ভাগও নেই। গাড়ি সব সময় খালিই থাকছে।

পরিবহন শ্রমিকেরা বলছেন, ছুটি শেষ হওয়ার পর চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাজধানীতে কর্মব্যস্ততা ফিরতে শুরু করবে।

ঈদুল আজহা উপলক্ষ্যে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এ ছাড়া, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে তাদের অনেকেই এখনও ঢাকার বাইরে অবস্থান করায় রাজধানীজুড়ে এখনও সুনসান নীরবতা।

এমএসি/এসএএস/জেডএস