চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে পিতা-পুত্র নিহত হওয়ার পাঁচ ঘণ্টার ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনায় রবি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ (সোমবার) বিকেল ৫টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজারের দক্ষিণে এমবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল হোসেন রবি (২৪) উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা এলাকার বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে। আহত সাজ্জাত হোসেনও একই এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঁচটি মোটরসাইকেলে করে বন্ধুদের সঙ্গে মানিকছড়িতে ঘুরতে যান রবি ও সাজ্জাত। সেখান থেকে ফেরার পথে নয়াবাজার এলাকায় এমবি ইটভাটার সামনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে রবিউল হোসেন মাথায় গুরুতর আঘাত পান। একই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সাজ্জাত হোসেনও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। আহত সাজ্জাত বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মহিউদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় রবি নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
এ সড়ক দুর্ঘটনার বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেআই/এনএফ
