মশক নিধনসংক্রান্ত প্রযুক্তি পরিদর্শনে যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন না পাওয়ার পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মশক নিধনের জৈবিক প্রযুক্তি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে মেয়র লিখেছেন, “সব প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সফর সম্পর্কে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। ফলে দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সফরটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।”
তিনি জানান, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত চসিক এলাকায় মার্কিন প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির মশার লার্ভা নিধনে ব্যবহৃত জৈবিক রাসায়নিক প্রয়োগ করা হয়েছে। এর ইতিবাচক ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথ উদ্যোগে একটি উৎপাদন কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।
মেয়রের দাবি, ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটি তার নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডায় অবস্থিত তাদের কারখানা ও গবেষণাগার পরিদর্শনের আমন্ত্রণ জানায়। সফরের সম্পূর্ণ ব্যয়ও প্রতিষ্ঠানটির বহন করার কথা ছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশে এ ধরনের কারখানা স্থাপিত হলে দেশে মশার লার্ভা নিধনের রাসায়নিক উৎপাদনের সুযোগ তৈরি হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এর আগে চসিক মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। তবে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ওই সফরের অনুমোদন দেননি।
অনুমোদন না দিয়ে নোটে প্রধানমন্ত্রী লিখেছেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর এ মন্তব্য ও সফর বাতিলের সিদ্ধান্ত সোমবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঠিকাদার বা বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ও সমালোচনা রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্যমতে, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি কারখানা ও একটি গবেষণাগার পরিদর্শনের পরিকল্পনা ছিল মেয়রসহ ৫ সদস্যের প্রতিনিধিদলের।
আরএমএন/এসএম
