ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় শফিউল আলম ওরফে শিশু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সীতাকুণ্ড সদরে যাওয়ার উদ্দেশ্যে পন্থিছিলা এলাকায় মহাসড়কের পূর্ব পাশে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন শফিউল আলম। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
জেআই/এনএফ
