স্বাধীনতা ও জাতীয়তাবাদের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
মঙ্গলবার (২ জুন) বিকেলে পটিয়া উপজেলা অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার আদর্শ আজও দেশপ্রেমিক জনগণকে অনুপ্রাণিত করে। মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। স্বাধীনতার ইতিহাস, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় চেতনার সঙ্গে মুক্তিযোদ্ধারা অবিচ্ছেদ্যভাবে জড়িত।
তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন, তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদ জিয়ার আদর্শ ছিল আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন।
আরএমএন/এএমকে
