বিজ্ঞাপন

‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহত করার আহ্বান চট্টগ্রাম ছাত্রদলের

‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহত করার আহ্বান চট্টগ্রাম ছাত্রদলের

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। এতে প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির ‘গুপ্ত মিছিল’ প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বুধবার (৩ জুন) বিকেল ৩টায় নগরীর জিইসি মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ।

আরিফুর রহমান মিঠু বলেন, ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে আজকের মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় নগর ছাত্রদল এ কর্মসূচি পালন করেছে।

কামরুল হাসান আকাশ বলেন, চট্টগ্রামে মিছিলের নামে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তা হতে দেওয়া হবে না। তারা গুপ্ত মিছিলের মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করছে, তা মোটেও শুভকর নয়। দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চেয়ে তাদের পুনরায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার, নগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম, নজরুল ইসলাম নিলয়, মো. জিন্নাহ, মোহাম্মদ রকি, জাহাঙ্গীর আলম হৃদয়, হৃদয় আজাদসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।

এনামুল হক নাবিদ/এএমকে